পদ্মায় বিলীন স্কুলের চারতলা ভবন

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৬-২১ ১৯:২২:৩২


প্রবল স্রোতের তোড়ে পদ্মায় ভেঙে পড়েছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন। বিদ্যালয়টি পদ্মার দুর্গম চরের তিনটি ইউনিয়নের একমাত্র বিদ্যাপীঠ।

মঙ্গলবার (২১ জুন) দুপুর দেড়টার দিকে চারতলা ভবনটি হঠাৎ ধসে পড়ে। তবে বিদ্যালয়ের কাছাকাছি হাতিঘাটা এলাকায় পদ্মার ভাঙনে গত এক সপ্তাহে পূর্ব পাড়ার আশ্রয় প্রকল্পের ১০টি ঘরসহ পাঁচটি বাড়িও পদ্মায় বিলীন হয়ে গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন জানান, হরিরামপুর উপজেলার চরাঞ্চলের তিনটি ইউনিয়নের একমাত্র এমপিওভুক্ত আজিমনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। তবে সাড়ে চার শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করে বিদ্যালয়টিতে। গত দেড় বছর আগে থেকে বিদ্যালয়টির তিন ও চারতলার কাজ বন্ধ রয়েছে। যদিও ভবনটির চারতলা পর্যন্ত ছাদ দেওয়া ছিল।

আজিমনগর ইউনিয়ন চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন জানান, আজ মঙ্গলবার স্কুল ভবনটি পদ্মায় বিলীন হয়ে গেছে। আপাতত হাটিঘাটা এলাকায় স্কুলের ক্লাস হবে। বসন্তপুর এলাকায় স্থায়ীভাবে স্কুল তোলা হবে। কয়েকদিন আগে হাতিঘাটা আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর ভেঙে গেছে।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, বিদ্যালয়ের ভবনটি আজ মঙ্গলবার দুপুর একটায় পদ্মায় বিলীন হয়ে গেছে।

উল্লেখ্য যে ২০১৬-১৭ অর্থবছরে শিক্ষা অধিদপ্তরের অধীনে ৬৬ লাখ ৯৭ হাজার টাকা ব্যয়ে চারতলা ফাউন্ডেশনে ১তলা ভবন নির্মাণ করা হয়। পরবর্তীতে ২০১৯-২০ অর্থবছরে ১কোটি ২৩ লাখ ৫০ হাজার টাকায় বাকি ৩তলা নির্মাণের অনুমোদন পায়।