রাজবাড়ীতে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৬-২১ ১৯:৩৪:০৯
রাজবাড়ীর গোয়ালন্দে পাবনা জেলার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলীকে (৭০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২১ জুন) দুপুর ১টার দিকে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের রাখালগাছি গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আক্কাস আলী পাবনা জেলার বেড়া উপজেলার ঢালারচর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও একই ইউনিয়নের ধারাই গ্রামের মৃত ময়েজ উদ্দীনের ছেলে।
ঢালারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. কোরবান আলী সরদার জানান, গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের রাখালগাছি থেকে গুদারাঘাট পর্যন্ত সরকারি একটি মাটির রাস্তা নির্মাণের কাজ চলছে। টেন্ডারের মাধ্যমে কাজটি পেয়েছেন আক্কাস আলী। ঢালারচরের ও দেবগ্রামের আরও ২-৩টি গ্রুপ এই কাজটি করতে চেয়েছিলো। আক্কাস আলী কাজটি পাওয়াতে বঞ্চিত লোকজন আক্কাসের উপর ক্ষিপ্ত ছিলো। সকালে আক্কাস রাখালগাছিতে রাস্তাটির কাজ দেখাশোনা করতে আসেন। দুপুর ১টার দিকে রাস্তার উপরেই তাকে কুপিয়ে হত্যা করা হয়। তার ঘাড়ে এবং হাতে একাধিক কোপের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রাস্তা নিয়ে বিরোধের জেরেই দূর্বৃত্তরা তাকে হত্যা করেছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার বলেন, আক্কাস আলীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। একইসঙ্গে হত্যার কারণ উদঘাটন ও এর সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













