শাহজাদপুরে যমুনার ভাঙনে ৪৫০ বাড়িঘর বিলীন
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-২২ ১৫:০২:৩৪
উজান থেকে নেমে আসা ঢল ও যমুনায় পানি বৃদ্ধির ফলে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নে নদীভাঙন শুরু হয়েছে। গত এক সপ্তাহে ইউনিয়নের ভেকা, ঘাটাবাড়ি, জালালপুর ও পাকুরতলা গ্রামের আশ্রয়ণ প্রকল্পের ৩০টি ঘরসহ অন্তত ৪৫০ টি বাড়িঘর যমুনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদী তীরে ভাঙ্গন ঝুঁকিতে রয়েছে এলাকার পাকুরতলা (আশ্রয়ণ) প্রাথমিক বিদ্যালয় ও মসজিদসহ বিভিন্ন স্থাপনা ।
দেখা গেছে, নদীতে আশ্রয়স্থল হারিয়ে অনেক পরিবার নিঃস্ব ও অসহায় হয়ে পড়েছে। কেউ কেউ গরু ছাগল এবং শিশুদের নিয়ে খোলা আকাশের নিচে, কেউ অন্যের বাড়িতে এবং কেউ বা বাঁধের ওপরে আশ্রয় নিয়ে খেয়ে না খেয়ে অতিকষ্টে জীবনযাপন করছে। ভাঙ্গনকবলিত এলাকার মানুষ জানান, এ পযর্ন্ত তাদের কাছে কোন সরকারি-বেসরকারি সাহায্য সহযোগিতা পৌঁছায়নি।
এ বিষয়ে জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব সুলতান মাহমুদ বলেন, স্থানীয় ইউপি সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের জন্য দ্রুত সাহায্য সহযোগিতা চেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। কিন্তু এখনও কোন সাহায্য সহযোগিতা হাতে পাওয়া যায়নি। পেলে তাদের মধ্যে বিতরণ করা হবে।
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বুধবার সমকালকে বলেন, ভাঙ্গন রোধে ব্যবস্থা নিতে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে। এছাড়াও ক্ষতিগ্রস্তদের সরকারের ত্রাণ তহবিল থেকে সাহায্য সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের কাছে ইতিমধ্যে ২০ মেট্রিকটন চাউল বরাদ্দ এসেছে । যা দুই একদিনের মধ্যেই ভাঙ্গনকবলিত কয়েকটি গ্রামের ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে বিতরণ করা হবে । পরে তাদের নিরাপদ স্থানে পুনর্বাসন করা হবে।
সানবিডি/ এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













