সারাদেশে বন্যায় নিহত ৬৮ : স্বাস্থ্য অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-২৩ ২০:০৮:১৯
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সৃষ্ট বন্যায় সারাদেশে এ পর্যন্ত মোটি ৬৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম। আজ বৃহস্পতিবার বিকেলে পাঠানো নিয়মিত বন্যাসম্পর্কিত তথ্যে কন্ট্রোলরুম এ কথা জানায়।
এ বিষয়ে কন্ট্রোল রুম জানায়, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সিলেটে। এ বিভাগে এ পর্যন্ত ৪৮ জনের মৃত্যু হয়েছে। সিলেট বিভাগের চার জেলার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সুনামগঞ্জ জেলায়। এ জেলায় এখন পর্যন্ত ২৬ জনের মৃত্যু হয়েছে। এরপর সিলেটে। জেলাটিতে বন্যায় ১৬ জনের মৃত্যু হয়েছে। বিভাগের হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় মারা গেছে যথাক্রমে ১ ও ৩ জন।
সিলেটের পর বন্যায় ময়মনসিংহ বিভাগে বেশি মৃত্যু হয়েছে। এ বিভাগে ১৮ জন মারা গেছে। এ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা ও জামালপুর জেলায় পাঁচজন করে মারা গেছে। বাকি তিনজন মারা গেছে শেরপুর জেলায়।
রংপুর বিভাগের কয়েকটি জেলাতেও দেখা দিয়েছে বন্যা। বিভাগের কুড়িগ্রামে তিনজন ও লালমনিরহাটে একজন মারা গেছে বলে কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে।
বন্যা উপদ্রুত এলাকায় সবচেয়ে বেশি মৃত্যু হচ্ছে পানিতে ডুবে। এ পর্যন্ত ৪৫ জনের মৃত্যু হয়েছে পানিতে ডুবে। আর বজ্রপাতে মারা গেছে ১৪ জন।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













