পদ্মা সেতু যান চলাচলে উন্মুক্ত
বাংলাবাজার ও শিমুলিয়া নৌপথে কমেছে যাত্রীর চাপ
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৬-২৬ ১২:০৫:১৫
বহুল প্রতিক্ষীত পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্যে উন্মুক্ত করার পর মাদারীপুরের বাংলাবাজার ও মুন্সীগঞ্জের শিমুলিয়া নৌপথে যাত্রীর চাপ কমেছে। লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক থাকলেও তুলনামূলক যাত্রী কম। আজ রবিবার (২৬ জুন) সকাল থেকে যাত্রীবাহী পরিবহন কম আসায় লঞ্চ ও স্পিডবোটে যাত্রীদের তেমন চাপ দেখা যায়নি।
ভোর থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ঘাট এলাকায় দেখা যায়, ৯টা পর্যন্ত মোট পাঁচটি লঞ্চ শিমুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। প্রতিটি লঞ্চে ১০০ জন করে যাত্রী ছিল। শিমুলিয়া থেকে আসা লঞ্চগুলোতেও তেমন যাত্রী চোখে পড়েনি।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, শনিবার (২৫ জুন) পদ্মা সেতু উদ্বোধন হওয়ার আগেও যাত্রী ও যানবাহনের চাপ ছিল। আজ ভোর থেকে ঘাট এলাকায় ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস ও হালকা যানবাহনও কমতে শুরু করেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক রাখা হবে।
বাংলাবাজার ঘাটে টার্মিনালে থাকা লঞ্চ মালিক সমিতির সুপারভাইজার খলিল মোল্লা বলেন, ‘ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত চারটি লঞ্চ ছেড়ে গেছে। ভাড়া আগের মতোই আছে।’
বাংলাবাজার স্পিড ঘাটের ইজারাদারের লোক রাসেল বলেন, ‘সরকার থেকে স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে। আমাদের রুট পারমিট ও সরকারি নির্দেশনা রয়েছে। আমরা সেই অনুযায়ী যাত্রী পারাপার করছি।’
বিআইডব্লিউটিএ’র বাংলাবাজার লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ‘সকাল থেকে ঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। লঞ্চ চলাচল বন্ধের কোনও নির্দেশনা নেই। আমরা প্রতিটি লঞ্চে ১০০ যাত্রী দিয়ে লঞ্চগুলো ছেড়ে দিচ্ছি। আমরা লঞ্চের চালক ও স্টাফদের বলে দিয়েছি, যাতে যাত্রীদের সেবার মান সঠিক থাকে।’
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













