পদ্মা সেতু পারাপারে নামানো হলো ২৫টি বাস
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৬-২৬ ১৩:৫৯:০৭
বহুল প্রতিক্ষীত স্বপ্নের পদ্মা সেতু যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। আজ (রোববার) সকাল পাঁচটা ৪০ মিনিট থেকে সাধারণ যানবাহন ছুটছে সেতু দিয়ে। বিশেষ এই দিনে সেতু ঘুরে দেখতে ভিড় করেছেন শত শত মানুষ। সেই সঙ্গে আছেন সেতুর দুই প্রান্তের নিয়মিত যাত্রী। তাদের পদ্মা পারাপারের জন্য বিশেষ ব্যবস্থায় নামানো হয়েছে প্রায় ২৫টি বাস।
জানা গেছে, স্বপ্নের সেতু পাড়ি দিতে শত শত মানুষ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। কিন্তু যানবাহন পাচ্ছেন না। ঢাকার দিক থেকে যেসব বাস আসছে তাতে আসন ফাঁকা নেই। এই পরিস্থিতিতে মাওয়ার পরে রুট পারমিট নেই এমন বাসে বেশি ভাড়া দিয়ে সেতু ভ্রমণ করছেন মানুষ। এছাড়া ঝুঁকি নিয়ে উচ্চ ভাড়ায় মোটরসাইকেল এবং মাইক্রোবাসেও সেতু পাড়ি দিচ্ছেন।
আজ থেকে লঞ্চ বন্ধ। এদিকে বাসের সংকট। ফলে এই রুটের নিয়মিত যাত্রীরা যাতায়াতে সমস্যায় পড়েছেন বলে জানান মুন্সীগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক বকুল খান। তিনি গ্রিন লাইন এবং আপন পরিবহনেরও মালিক।
তিনি বলেন, পুলিশ ফোন দিয়ে বাসের অভাবে জনদুর্ভোগের কথা জানিয়েছে। তাদের অনুরোধে আমার কোম্পানির ১৩টা বাস দিয়েছি। অন্য পরিবহনের বাসও এসেছে, আরও আসবে। এসব বাস যাত্রীদের পদ্মা সেতু পারাপার করাবে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













