হবিগঞ্জে বন্যা: মৎস্য খামারিদের ৪২ কোটির বেশি ক্ষতি
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৬-২৬ ১৫:১৭:১০
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অব্যাহত ভারি বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় হবিগঞ্জ জেলার চারটি উপজেলায় প্রায় ৮ হাজার পুকুরের মাছ ভেসে গেছে। এ ছাড়া পুকুরের অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে ৫ হাজার ৮৫৩ জন খামারিদের ক্ষতি হয়েছে প্রায় ৪২ কোটি ২৩ লক্ষ টাকা।
আজ রোববার (২৬ জুন) জেলা মৎস্য কর্মকর্তা মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে করেছেন।
এ ব্যাপারে তিনি বলেন, বন্যায় জেলার চারটি উপজেলায় ৭ হাজার ৯০১টি পুকুর ডুবে মাছ হাওরে ভেসে গেছে। এ সকল পুকুরের আয়তন ১ হাজার ৩৫০ হেক্টর। পুকুর মালিকদের ক্ষতির পরিমাণ ৪২ কোটি ২৩ লক্ষ টাকা।
জানা গেছে, জেলার ৯টি উপজেলার মধ্যে ৪টি উপজেলার মৎস্য খামারিদের বন্যার পানিতে বেশি ক্ষয়ক্ষতির হয়েছে। তারমধ্যে আজমিরীগঞ্জ, বানিয়াচং, নবীগঞ্জ ও লাখাইয়ে বন্যার পানিতে মাছের খামার ভেসে গেছে।
তিনি জানান, যারা মাছ চাষ করেছে এমন কারো পুকুর অক্ষত নেই। গবাদিপশুর দেখা দিয়েছে খাদ্য সমস্যা। গ্রামের সবাই দেশি ষাঁড় ও গাভী পালন করেন প্রাকৃতিক খাবার দিয়ে। কিন্তু তৃণভূমি ও ধানের খড়ের স্তূপ পানির নিচে চলে যাওয়ায় খাবার সমস্যায় সবাই দিশেহারা।
হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. একরামুল হক জানান, হবিগঞ্জে নদ-নদীর পানির কমতে শুরু করেছে।
জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, প্রশাসনের পক্ষ থেকে বন্যার্ত মানুষের জন্য সাহায্য অব্যাহত রয়েছে। দুর্গত এলাকাগুলোতে ২০০ মেট্রিক টন চাল, ২ হাজার প্যাকেট শুকনো খাবার ও নগদ ১০ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













