পদ্মা সেতু দেখে ফেরার পথে সড়কে ২ জনের প্রাণহানী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-২৬ ১৫:৩৩:৩৩


বহুল প্রতিক্ষীত স্বপ্নের পদ্মা সেতু দেখে ফেরার পথে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শনিবার রাত ৮টায় ঢাকা-খুলনা মহাসড়কের নগরকান্দা উপজেলার কান্দী  এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন হলেন যশোরের রুপদিয়া বাজারের পার্টস ব্যবসায়ী অহিদুল ইসলাম। তিনি সুরোত আলী মার্কেটের জামান মেশিনারীর মালিক। অহিদুলের গ্রামের বাড়ি মণিরামপু্র উপজেলার ঢাকুরিয়া গ্রামে। অপরজন যশোর জেলার সদর উপজেলার রূপদিয়া কচুয়া খানপাড়ার প্রাইভেটকার চালক মফিজুর রহমান খান।

বিষয়টি নিশ্চিত করেছেন নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাজু আহম্মেদ।

নিহতের স্বজনেরা জানান, নিহতেরা পদ্মাসেতু উদ্বোধন দেখতে গিয়েছিলেন। উদ্বোধন শেষে মাইক্রোবাসে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে গোপালগঞ্জের ভাটিয়াপাড়াগামী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসে থাকা দুজনের মৃত্যু হয়। এ দুর্ঘটনায় মাইক্রোবাসের আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ফরিদপুরের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ভাঙা হাইওয়ে থানার ওসি হামিদউদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে নেওয়া হয়েছে। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সানবিডি/এনজে