মহানন্দা নদীতে ডুবে যাওয়া কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৬-২৭ ২১:২২:২৯
চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা নদীতে গোসল করতে নেমে ডুবে যাওয়া এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ৫ ঘন্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধার করতে সক্ষম হয়। সোমবার (২৭ জুন) বেলা ১১টার দিকে পৌর এলাকার সিএ্যান্ডবি ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত কলেজ ছাত্র মাসুদ রানা (২১) রাজশাহী জেলার তেরখাদিয়া কলেজ পাড়ার মৃত মুকসেদের ছেলে। সে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্য মাইনুল ইসলাম জানান, ডুবে যাবার পরে স্থানীয় এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হয় ফায়ার সার্ভিসের ডুবুরী দল। তারপর মরদেহের সন্ধানে নদীতে প্রায় ৫ ঘণ্টা উদ্ধার অভিযান চলমান রাখে ফায়ার সার্ভিস। বেলা সোয়া ১২টা থেকে উদ্ধার কার্যক্রম চালিয়ে বিকাল সোয়া ৪টায় মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স বিভাগের ৩ জন ছাত্র একসাথে বেলা ১১টার দিকে সিএ্যান্ডবি ঘাটে গোসল করতে নামে। পরে পানিতে ভাসতে ভাসতে মহানন্দা ব্রিজ পার হয়ে এসে অন্য দুই বন্ধু তীরে উঠতে পারলেও মাসুদ রানা রাবার ড্যামের নিকট পানিতে তলিয়ে যায়।
পরে স্থানীয়দের সংবাদ দিলে ফায়ার সার্ভিসের ডুবুরী দল তাকে উদ্ধার করতে সক্ষম হয়। পরে পরিবারের অনাপত্তির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই শিক্ষার্থীর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













