গাজীপুরে কাভার্ডভ্যান চাপায় শিশু নিহত 

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-০৩ ১২:৫৮:৫৪


গাজীপুরের বাঘের বাজারে পোশাক কারখানার কাভার্ডভ্যান চাপায় শিশু সবুজ মিয়া (১১) নিহত হয়েছে।

শনিবার সন্ধ্যায় জয়দেবপুর থানার বাঘের বাজার (শিরিরচালা) এলাকার মেরিকো বাংলাদেশ লিমিটেড নামে পোশাক কারখানার প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সবুজ শেরপুর জেলার সদর থানার মাইজপাড়া (তারাগঞ্জ) গ্রামের মোহাম্মদ আলী মিয়ার ছেলে।

এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, সবুজ মিয়াকে নিয়ে তার মা-বাবা বাঘের বাজার (শিরিরচালা) এলাকার আলা উদ্দিনের বাড়িতে ভাড়া থাকেন। শনিবার সন্ধ্যায় সবুজ বাইসাইকেল চালিয়ে বাসায় যাচ্ছিল। শিশুটি সড়ক পার হওয়ার সময় বিপরীত দিকে থেকে আসা মেরিকো বাংলাদেশ লিমিটেড পোশাক কারখানার কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট- ২০-৭৪৪৩) চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।

খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে কাভার্ডভ্যানসহ চালক যশোর কোতয়ালি থানার ধোবাকলা গ্রামের আলী হোসেনের ছেলে আজমল হোসেন কারীকে (২৫) আটক করে।