শেখ হাসিনার কারণেই ক্রিকেটের এই সাফল্য- হানিফ

আপডেট: ২০১৬-০৩-০৫ ১৮:৩৩:১৯


10_104481প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক চেষ্টার কারণেই বাংলাদেশ ক্রিকেটে এমন সাফল্য অর্জন করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

শনিবার সকালে কুষ্টিয়ায় সিরাজুল ইসলাম মুসলিম হাইস্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে বাংলাদেশ সব সেক্টরে এগিয়ে যাচ্ছে। শত ব্যস্ততার মধ্যেও মাঠে বসে ক্রিকেট খেলা দেখে তিনি খেলোয়াড়দের উৎসাহিত করছেন। এছাড়াও বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় ও কর্মকর্তাসহ দায়িত্বে থাকা সকলকে পুরস্কৃত করেছেন। এজন্যই বাংলাদেশ ক্রিকেট দল এ পর্যায়ে এসেছে। রবিবার ভারতকে হারিয়ে এশিয়া কাপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

হানিফ বলেন, একাত্তরে এই মার্চ মাসেই আমরা দেশ স্বাধীনের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। এবার এ মাসেই এশিয়া টি-টোয়েন্টি ক্রিকেট কাপে চ্যাম্পিয়ন হয়ে প্রমাণ করবো আমরা জয় করতে পারি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজুল ইসলাম মুসলিম হাইস্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাড. অনুপ কুমার নন্দী।

এসময় আরও বক্তব্য দেন, কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. বদরুদ্দোজা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম।

সানবিডি/ঢাকা/রাআ