বাসের ধাক্কায় ৫ নসিমন যাত্রী নিহত

প্রকাশ: ২০১৬-০৩-০৫ ১৯:০১:৫৭


accidentমাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে দ্রুতগামী বাসের ধাক্কায় নসিমনের ৫ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত তিন জন। এ সময় নসিমনটি উল্টে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়।

শনিবার বিকেল ৩টার দিকে জেলা সদরের ঘটকচরের কলাবাড়ি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের নাম পরিচয় জানা গেছে। এরা হলেন- মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের সমাদ্দার এলাকার লতিফ শিকদার (৫০), রাজৈর উপজেলার মোল্লা কান্দি গ্রামের মেরাজুল বেপারী (৩০) ও শিরখাড়া ইউনিয়নের বাহেরচর-শ্রীনদী এলাকার ইসমাইল হোসেন বাবুলের ছেলে শরিফুল ইসলাম।

নিহত শরিফুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তিনি থাকতেন বিজয় একাত্তর হলে।

হতাহত অন্যদের নাম জানা না গেলেও স্থানীয়দের দেয়া তথ্যমতে, নিহত সবাই নসিমনের যাত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের কলাবাড়ি এলাকায় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস একটি নসিমনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নসিমনের ৫ যাত্রী নিহত হয়। আহত হয় আরো অন্তত ৩ জন।

দুর্ঘটনার পরই স্থানীয়রা সেখানে ছুটে আসে। আহত তিনজনকে উদ্ধার করে মাদারীপুর সড়র হাসপাতালে নেয়া হয়।

দুর্ঘটনায় ৫ জন নিহতের বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোরশেদ জানান, খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়।