জাবির ভর্তি পরীক্ষা শুরু ৩১ জুলাই
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৭-১৬ ১১:০২:০৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা ৩১ জুলাই শুরু হবে। চলবে ৪ আগস্ট পর্যন্ত।
শনিবার (১৬ জুলাই) সকালে জাবির কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এবারে ‘সি’ ইউনিটের পরীক্ষা দিয়ে ৩১ জুলাই ভর্তি পরীক্ষা শুরু হবে। পর্যায়ক্রমে ১ আগস্ট ‘বি’ ইউনিট, ২ আগস্ট ‘এ’ ইউনিট, ৩ আগস্ট ‘এ’ ও ‘ডি’ ইউনিট, ৪ আগস্ট ‘ডি’ এবং ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আবু হাসান আরও বলেন, কক্ষভিত্তিক আসন বিন্যাস চূড়ান্ত হলে ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া পরীক্ষার পূর্বে বিস্তারিত তথ্য ও সিটপ্ল্যান juniv-admission.org ওয়েবসাইটে পাওয়া যাবে।
এ বছর মোট পাঁচটি ইউনিটের অধীনে ৩৪টি বিভাগ ও তিনটি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) মিলে ‘এ’ ইউনিট, সমাজবিজ্ঞান ও আইন অনুষদ মিলে ‘বি’ ইউনিট, কলা ও মানবিক অনুষদ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, চারুকলা বিভাগ এবং বঙ্গবন্ধু ও তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউট মিলে ‘সি’ ইউনিট, জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিট এবং ব্যবসায় শিক্ষা অনুষদ ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) মিলে ‘ই ’ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা হবে।
রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, এ বছর এক হাজার ৮৮৮টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে দুই লাখ ৮৪ হাজার ৬০৫টি। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে ১৫০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় বসবেন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













