পদ্মা সেতুতে রেলপথ স্থাপনের অনুমতি

জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-০৭-১৭ ১৬:১৫:৩৮


পদ্মা সেতুতে রেলপথের কাজের জন্য সেতু কর্তৃপক্ষ থেকে রেল কর্তৃপক্ষকে কাজের অনুমতি দেওয়া হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মুন্সীগঞ্জের মাওয়া থেকে শরীয়তপুরের জাজিরা পর্যন্ত পুরো সেতুর রেলপথের অংশ পরিদর্শন করে সেতু ও রেল কর্তৃপক্ষের যৌথ পরিদর্শক দল। পরে জাজিরা প্রান্তে পৌছে বিষয়টি নিশ্চিত করেন তারা।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের বলেন, সেতুর রেল অংশ যৌথটিম পরিদর্শন করেছে। গত ৬ তারিখ আমাদের প্রকল্প পরিচালক চিঠি দিয়েছিলেন। গতকাল শনিবার আমরা সভা করেছি। আজ থেকে রেল কর্তৃপক্ষকে কাজের অনুমতি দেওয়া হয়েছে। পুরো সেতুটি সেতু কর্তৃপক্ষের আওতায় থাকবে। শুধু রেলট্র্যাকটি রেল কর্তৃপক্ষের আওতায় থাকবে।

রেল সংযোগ প্রকল্পের মাওয়া-ভাঙা সেকশনের প্রকল্প ব্যবস্থাপক-১ ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ জানান, অনেকদিন ধরেই আমরা চাচ্ছিলাম, স্বপ্নের পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের কাজ শুরু করব। আজকের এই শুভ দিনটি এসেছে। সবাই মিলে প্রাথমিক পর্যবেক্ষণ করা হয়েছে। কিছু কাজ বাকি আছে। তবে সেগুলো খুব গুরুত্বপূর্ণ না। আমাদের কাজের অনুমতি দেওয়া হয়েছে। আমরা প্রথমে এটিকে পর্যবেক্ষণে নিবো। চোখের দেখাতে খুব একটা ভাইব্রেশন হচ্ছে না। তবে এটি টেকনিক্যাল বিষয়। পুরোটাই যন্ত্রের মাধ্যমে করা হবে। সেক্ষেত্রে তেমন কোনো সমস্যা হবে না।

এম জি