মাগুরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত

প্রকাশ: ২০১৬-০৩-০৭ ১৬:২১:২৭


Cross.Fireমাগুরায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আমিনুল ইসলাম লিটন (৪২) নামে এক ‘ডাকাত সর্দার’ নিহত হয়েছেন। আজ সোমবার ভোররাত সাড়ে তিনটার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কসুন্দি এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম লিটন সদর উপজেলার আজমপুরের বাসিন্দা। তার লাশ মাগুরা সদর থানায় রাখা রয়েছে।

এসময় ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ৫ রাউন্ড গুলি, ১টি গাছ কাটার করাত, ১টি চাপাতি, রামদা ও শাবল উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মাগুরার পুলিশ সুপার (এসপি) একেএম এহসান উল্লাহ জানান, লিটনের নেতৃত্বে একদল ডাকাত নৈশ্য কোচে ডাকাতির জন্য রাস্তার ধারের গাছ কেটে অপেক্ষায় ছিল। এসময় টহল পুলিশ ডাকাত দলকে চ্যালেঞ্জ করলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় তারা।

জবাবে পুলিশ পাল্টা গুলি চালালে তাদের সর্দার আমিনুল ওরফে লিটন গুলিবিদ্ধ হয়। তবে ডাকাত দলের বাকি সদস্যরা পলিয়ে যায়। পরে লিটনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত লিটনের নামে থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার (এসপি) একেএম এহসান উল্লাহ ।