নিষেধাজ্ঞা শেষ, ইলিশ শিকারে সাগরে যাচ্ছেন জেলেরা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-২৪ ১৫:৩৯:০২
সরকার ঘোষিত ইলিশসহ সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে দীর্ঘ ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। আনন্দ ও উৎসাহ নিয়ে দল বেঁধে একে একে সাগরে মাছ শিকারে যাচ্ছেন ভোলার জেলেরা। প্রচুর পরিমাণ ইলিশ ধরে তীরে ফেরার স্বপ্ন দেখছেন তারা।
আজ রোববার (২৪ জুলাই) দেখা গেছে, ভোলার দৌলতখান উপজেলার চৌকি, ভবানীপুরসহ বিভিন্ন মৎস্য ঘাটের জেলেরা ৬৫ দিনের নিষেধাজ্ঞা কাটিয়ে সকাল থেকে ট্রলারে জালসহ মাছ শিকারের সরঞ্জাম তুলছেন। আবার কোনো কোনো জেলে সাগরে মাছ শিকারে যাওয়ার জন্য ২০-২৫ দিনের চাল, ডালসহ বিভিন্ন খাদ্য সামগ্রীও তুলছেন।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ বলেন, ইলিশসহ প্রায় ৫০০ প্রজাতির সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির জন্য ২০ মে থেকে ২৩ জুলাই রাত ১২টা পর্যন্ত সাগরে নিষেধাজ্ঞা ছিল। এবার নিষেধাজ্ঞা শেষে জেলেরা উৎসাহ নিয়ে সাগরে মাছ শিকারের জন্য যাচ্ছে। আশা করছি জেলেরা সাগরে গিয়ে কাঙ্ক্ষিত পরিমাণ মাছ শিকার করে বিগত দিনের লোকসান পুষিয়ে উঠতে পারবে।
তিনি আরও বলেন, ভোলার সাত উপজেলায় শুধু সাগরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন এমন প্রায় ৬৪ হাজার জেলের সরকারিভাবে নিবন্ধন রয়েছে। নিষেধাজ্ঞার সময় সরকারিভাবে ৮৬ কেজি করে ওই জেলেদের চাল বরাদ্দ দেওয়া হয়।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













