বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ১১ কোটি টাকার সার-বীজ সহায়তা
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-৩০ ১৪:৩৪:৫১
দেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যার ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্ত ১৭টি জেলার কৃষকদের মাঝে প্রায় ১১ কোটি টাকার বীজ, সার বিতরণ করা হয়েছে। এতে উপকৃত কৃষকের সংখ্যা ১ লাখ ৮৫ হাজার জন। আজ শনিবার (৩০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।
উপকারভোগীদের মধ্যে প্রথম ধাপে ৯৪ হাজার কৃষককে ৫ কোটি ৮৮ লাখ টাকার আমন বীজ ও সার বিনামূল্যে দেওয়া হয়েছে।
দ্বিতীয় ধাপে বেশি ক্ষতিগ্রস্ত ৪টি জেলা- সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের ৭০০ কৃষককে প্রায় সাড়ে ৩ লাখ টাকার নাবী জাতের (লেইট ভ্যারাইটি) আমন ধান বীজ ও সার সহায়তা দেওয়া হয়েছে।
তৃতীয় ধাপে ৯০ হাজার কৃষককে প্রায় ৫ কোটি টাকার পুনর্বাসন সহায়তা বাস্তবায়ন কাজ চলছে। এর মধ্যে প্রত্যেক কৃষককে ৫ কেজি করে উচ্চফলনশীল আমন বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়ার কাজ চলমান আছে। এছাড়া বন্যার ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে আগাম শীতকালীন বিভিন্ন জাতের সবজি বীজ সহায়তার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













