বোনকে হত্যার দায়ে ভাইয়ের ফাঁসি
প্রকাশ: ২০১৬-০৩-০৯ ১৭:২১:৪৩
এক দশক আগে রংপুরের পীরগঞ্জে বোন আনজিলাকে জবাই করে হত্যার দায়ে ভাইসহ ৫ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে জেলার অতিরিক্ত দায়রা জজ আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- মমিনুল ইসলাম, আব্দুল মজীদ, আরিফুল হক, আনোয়ারুল হক ও এমদাদুল হক।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, পীরগঞ্জের কুমারপুর গ্রামের মৃত আবুল হোসেনের মেয়ে প্রতিবন্ধী আনজিরা খাতুন ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন এবং ছোট ভাই মজিদের সঙ্গে বসবাস করতেন। পারিবারিক কলহের জের ধরে ২০০৬ সালের ৯ মার্চ রাতের কোন এক সময় আনজিরাকে জবাই করে হত্যার পর মরদেহ বাড়ির পাশে একটি বাঁশঝাড়ে ফেলে রাখা হয়। পরদিন সকালে পুলিশ বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় ওই দিনই নিহত আনজিরার বড় ভাই আব্দুল বাকী (৫৫) বাদী হয়ে ছোট ভাই আব্দুল মজিদসহ একই এলাকার মমিনুল ইসলাম, আরিফুল ইসলাম, ইমদাদুল হক ও আনোয়ারুল ইসলামকে আসামি করে পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি দীর্ঘদিন আদালতে বিচারাধীন থাকার পর উল্লেখিত আসামিদের বিরুদ্ধে হত্যাকেণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিচারক প্রত্যেকের মৃত্যুদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় অভিযুক্ত ৫ জনই আদালতে উপস্থিত ছিলেন।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন ও অ্যাডভোকেট বসনীয়া মো. আরিফুল।
সরকার পক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌশলি (পিপি) রেজওয়ানুল হক ফারুক। তিনি জানান, আসামিরা পূর্বের একটি মামলা থেকে রেহাই পাওয়ার জন্য এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। তিনি এ রায়ে সন্তোষ প্রকাশ করেন






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













