তাইওয়ানের বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞা জারি করল চীন

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-০৩ ১৫:৩৮:১৮


চীন তাইওয়ানের বিরুদ্ধে বাণিজ্য নিষেধাজ্ঞা জারি করেছে। সম্প্রতি মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে যাওয়ায় ভূখণ্ডটির বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করে বেইজিং। আজ বুধবার (৩ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের পরিপ্রেক্ষিতে তাইওয়ান থেকে ফল ও মাছ আমদানিতে বুধবার নিষেধাজ্ঞা জারি করেছে চীন। একইসঙ্গে ভূখণ্ডটিতে বালি সরবরাহও বন্ধ করে দিয়েছে বেইজিং।

মঙ্গলবার সামরিক হুমকি ও সতর্কতা উপেক্ষা করে তাইওয়ান সফরে যান পেলোসি। তিনি বলেন, বন্ধুত্বের খাতিরে সেখানে গিয়েছেন তিনি।  ২৫ বছরের মধ্যে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের কোনও স্পিকার এই প্রথম তাইওয়ানে গেলেন, যে দ্বীপটিতে চীন নিজেদের অংশ বলেই দাবি করে।

এ বিষয়ে চীনের কাস্টমস প্রশাসন বুধবার জানায়, প্যাকেজে বারবার অতিরিক্ত কীটনাশক শনাক্ত এবং করোনাভাইরাস শনাক্ত হওয়ায় তাইওয়ান থেকে সিটরাস ফল ও মাছ আমদানি স্থগিত করা হবে। আরেক বিজ্ঞপ্তিতে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার থেকে তাইওয়ানে প্রাকৃতিক বালি রপ্তানি স্থগিত করবে তারা। তবে এর বেশি আরও কোনো তথ্য জানায়নি মন্ত্রণালয়টি।

তাইওয়ানে রফতানি বাধাগ্রস্ত করতে বেইজিংয়ের নেওয়া পদক্ষেপ এটিই প্রথম নয়। এর আগে ২০২১ সালের মার্চ মাসে দ্বীপটি থেকে আনারস আমদানি নিষিদ্ধ করেছিল চীন। তবে আনারসে কীটপতঙ্গ খুঁজে পাওয়ার অভিযোগ তুলে আমদানি বন্ধের সেই সিদ্ধান্ত নেওয়া হলেও ওই পদক্ষেপটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই সবার কাছে বিবেচিত হয়েছিল।

এনজে