গাজীপুরের মেয়রের ছেলে রনির বিরুদ্ধে ফের নাশকতার মামলা

প্রকাশ: ২০১৬-০৩-১০ ১৯:৩০:৫৪


unnamedগাজীপুর সিটি কর্পোরেশনের বরখাস্ত হওয়া মেয়র অধ্যাপক এমএ মান্নানের ছেলে ও বিএনপি নেতা এম মঞ্জুরুল করিম রনি ও তার স্ত্রী তাপসী তন্ময় চৌধুরীর বিরুদ্ধে নাশকতার দায়ে গাজীপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বাদী হয়ে গাজীপুরের সদর থানায় বৃহস্পতিবার এ মামলাটি করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর সদর থানার সাব ইন্সপেক্টর ও মামলার তদন্ত কর্মকর্তা মোঃ বাচ্চু মিয়া।

তদন্তকারী কর্মকর্তা মোঃ বাচ্চু মিয়া বলেন, ২০১৩ সালের ১৮ ফেব্রুয়ারি গাজীপুরে সরকার উৎখাতের জন্য নাশকতা হয়। ওই মামলায় ২০ জন এজাহারভুক্ত ও ৩০/৪০ অজ্ঞাতনামা আসামি ছিল। যার মামলা নং ৬০। তদন্তে জানা গেছে, ওই সময় মঞ্জুরুল করিম রনি ঘটনাস্থলে ছিলেন। তিনি ওই নাশকতার অর্থদাতা ও অন্যতম পরিকল্পনাকরী। যার কারণে ২০১৩ সালের মামলায় এম মঞ্জুরুল করিম রনিকে এই মামলায় নতুন করে আসামি করা হয়েছে।

তিনি আরও বলেন, বিগত দিনে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রনির বিরুদ্ধে নাশকতার প্রমাণ থাকায় নাশকতার মামলা হয়েছে। এই মামলাতেও আমরা যথেষ্ট তথ্য-প্রমাণ পেয়েছি। তার স্ত্রী এবং শ্বশুর শাহরুম চৌধুরী রুমি, শাশুড়ি আসমা বেগম আভা দেশে নাশকতা সৃষ্টির ইন্ধনকারী হিসেবে আমরা বিবেচনা করছি। এর আগেও রনির বিরুদ্ধে সরকারবিরোধী আন্দোলনের জন্য বেশ কিছু মামলা করা হয়।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৫ আগস্ট গাজীপুরে নাশকতার একটি মামলা করা হয়। ওই মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৩২ জনের নাম ছিল।

চার্জশিট অনুসারে, এমএ মান্নানের ছেলে মঞ্জুরুল করিম রনি যুক্তরাজ্যে অবস্থান করে তারেক রহমানের যোগসাজশে ফের বতমান সরকারকে উৎখাত করা ও নাশকতার পরিকল্পনাসহ বিভিন্ন ধরনের যড়যন্ত্র করছে। এরই আলোকে রনি ও তার স্ত্রীর বিরুদ্ধে আগের মামলার আসামি করা হয়েছে।

এ ব্যাপারে গাজীপুরের পুলিশ সুপার হারুন-অর-রশিদ বলেন, তারেক রহমান এবং রনি নাশকতার মূল পরিকল্পনাকারী। রনি তারেকের সঙ্গে তার লন্ডন বাসভবনে দেখা করেন এবং সেখানেই তারা দুজনে মিলে গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির দেশব্যাপী হরতাল ও অবরোধের সময় নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করেন।

সানবিডি/ঢাকা/আহো