সদর অনুসারীদের সংসদভবন ছাড়ার আহ্বান
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-০৩ ২০:৪৪:০৩
ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল সদরের অনুসারীদের ৭২ ঘন্টার মধ্যে সংসদভবন ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে।
বুধবার এক টুইটবার্তায় আল সদরের ঘনিষ্ঠ মোহাম্মদ সালেহ আল ইরাকি সমর্থকদের এ আহ্বান জানান।
তবে সংসদ ভবন ছাড়তে বললেও সমর্থকদের তিনি সংসদ ভবনের সামনে এবং আশেপাশে তাঁবু গড়ার নির্দেশনা দেন।
টুইটবার্তায় তিনি আরও বলেন, এই সমাবেশের উদ্দেশ্য খুবই তাৎপর্যপূর্ণ। এটা আমাদের দাবিকে দৃঢ় করবে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, আল ইরাকির এই আহ্বানের অর্থ– প্রতিবাদকারীদের সংসদের প্রধান চেম্বার এবং সম্মেলন কক্ষ ত্যাগ করতে বলা হলেও গ্রিনজোনের মধ্যে থাকতে বলা হয়েছে। এই গ্রিনজোনে গুরুত্বপূর্ণ সরকারি অফিস এবং বিদেশি মিশনগুলো অবস্থিত।
গত বছরের অক্টোবরে ইরাকের সাধারণ নির্বাচনে সদর এবং তার দল বিজয়ী হয়। কিন্তু বিগত ১০ মাসেও তারা সরকার গঠন করতে পারেনি।
সূত্র: আল জাজিরা






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














