ইউক্রেন থেকে খাদ্যশস্য নিয়ে দিনে ছাড়বে তিনটি জাহাজ
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-০৪ ১৫:১২:০৩
রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইউক্রেনের বন্দরগুলো থেকে প্রতিদিন তিনটি খাদ্যশস্যবাহী জাহাজ ছেড়ে যাবে। তুরস্কের এক কর্মকর্তা এ কথা জানিয়েছেন। এর আগে প্রতিদিন একটি করে জাহাজ ছাড়ার কথা বলা হয়েছিল।
গত সোমবার ইউক্রেনের ওডেসা বন্দর থেকে ছেড়ে আসা শস্যভর্তি প্রথম জাহাজটি কোনো বাধা ছাড়াই তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছে। তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছে, ওদেসা বন্দর থেকে আসা জাহাজটিতে পরীক্ষা করে দেখা হয়। এরপর সেটি বসফরাস প্রণালি অতিক্রম করে। ২৬ হাজার টনের বেশি ভুট্টা নিয়ে রাজোনি নামে সিয়েরা লিওনের পতাকাবাহী জাহাজটি লেবাননে যাবে।
এ বিষয়ে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ার ইচ্ছা অনুসারে রুশ এবং ইউক্রেনীয় কর্মকর্তাদের যৌথ একটি দল জাহাজ পরীক্ষা করে।
বর্তমানে বিশ্বে মোট গম রপ্তানির এক-তৃতীয়াংশই রাশিয়া ও ইউক্রেন থেকে হয়ে থাকে। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে কৃষ্ণসাগরে শস্য সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে খাদ্যসংকট দেখা দেয়। এ সংকট মোকাবিলায় গত ২২ জুলাই জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শস্য রপ্তানির এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষরের পরপরই বিশ্ববাজারে গমের দাম কমতে শুরু করে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














