ইসরাইলি বিমান হামলায় নারী-শিশুসহ ১০ ফিলিস্তিনি নিহত
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-০৬ ০৯:৫৩:৩৫
দখলদার ইহুদিবাদী রাষ্ট্র ইসরাইল ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ফিলিস্তিনের অধিকৃত গাজা উপত্যাকায়। শুক্রবার এ হামলা চালানো হয়।
ভয়াবহ এ হামলায় পাঁচ বছর বয়সি এক শিশু এবং ২৩ বছর বয়সি এক নারীসহ অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইসরাইলের দাবি, তারা ইসলামিক জিহাদের এক কমান্ডারকে হত্যা করতে ওই হামলা চালিয়েছে। খবর আলজাজিরার।
ইসলামিক জিহাদ গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের আল কুদস ব্রিগেডের কমান্ডার তায়াসির আল-জাবারি বিমান হামলায় নিহত হয়েছেন। গাজা সিটির ফিলিস্তিন টাওয়ারে ছিলেন তিনি।
ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ইসরাইলি ওই বিমান হামলায় নারী ও শিশুসহ ১০ জন নিহত এবং আরও ২৩ জন আহত হয়েছেন।
শুক্রবার গাজা সিটিতে অবস্থিত সেই ভবনটির ৭তলা থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা যায়।
ফিলিস্তিনির এক সিনিয়র কর্মকর্তাকে গ্রেফতারের প্রতিবাদে কয়েকদিন ধরে ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা চলছিল। এর মধ্যে এ হামলা চালানো হলো।
ইসরাইলের সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, ইসরাইল ডিফেন্স ফোর্স বর্তমানে গাজায় উপত্যকায় হামলা চালাচ্ছে। ইসরাইলের সম্মুখভাগে বিশেষ অবস্থা ঘোষণা করা হয়েছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














