‘শেখ হাসিনাকে চাপে ফেলতেই কার্গো বিমান বন্ধ’
প্রকাশ: ২০১৬-০৩-১১ ২০:০৭:০৮
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘সরকারকে অস্থিতিশীল করতে একটা চক্রান্ত হচ্ছে। কথা নাই, বার্তা নাই কার্গো বিমান বন্ধ করে দেওয়ার চক্রান্ত চলছে।’
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার বিকেলে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘ওরা চক্রান্ত করছে। শেখ হাসিনাকে চাপে রাখার চেষ্টা হচ্ছে। বঙ্গবন্ধু কখনো আত্মসমর্পণ করেননি, শেখ হাসিনাও করবেন না।’
জাসদ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। খালেদা জিয়া বার বার পরাজিত হয়েছে। কৌশলে পরাজিত হয়েছে, নির্বাচনেও পরাজিত হয়েছে।’
প্রসঙ্গত, দীর্ঘ ছয় বছর পর শনিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে দলটির জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এ প্রসঙ্গে নাসিম বলেন, ‘আমি জানতাম না যে আপনারা এত শক্তিশালী। ১৪ দলের কোনো একটি দল শক্তিশালী হলে আমাদের ভালো লাগে। আপনারা আরও শক্তিশালী হোন।’
দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে অধিবেশনে ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘বর্তমানে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে দলীয় প্রতীকে। ফলে তৃণমূলে গণতন্ত্র শক্তিশালী হচ্ছে। কিন্তু যদি তৃণমূলে পারস্পরিক সম্প্রীতি বিনষ্ট হয় তাহলে গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হবে।’
অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত মা কু মিং বলেন, ‘চীনা কমিউনিস্ট পার্টির মতোই বাংলাদেশের জাসদ। এ দুই দলের মধ্যে সম্পর্ক দীর্ঘদিনের। তাই জাসদের অনুষ্ঠানে এত মানুষের উপস্থিতি দেখে আমি আনন্দিত।’
তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়নের সঙ্গে চীনের সুদৃঢ় সম্পর্ক রয়েছে। এ দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে চীন সব সময় পাশে থাকবে।’
জাসদের সম্মেলন উপলক্ষে পিপলস লিবারেল ফ্রন্ট শ্রীলঙ্কা, ভারতের অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লক ও নেপালের রাষ্ট্রদূত শুভেচ্ছা জানিয়েছেন।
জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন―সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, দলটির সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, কার্যকরী সভাপতি মঈন উদ্দিন খান বাদল, সহ-সভাপতি রবিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, শিরিন আখতার প্রমুখ।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














