পশ্চিমবঙ্গে বাস-অটোর সংঘর্ষ, নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-০৯ ২২:০০:০৪
পশ্চিমবঙ্গের বীরভূমের মল্লারপুরে বাসের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে আটজনই নারী। অন্যজন চালক।
মঙ্গলবার (৯ আগস্ট) রানিগঞ্জ-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন তেলডা গ্রামের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, মৃতরা সবাই অটোর যাত্রী ছিলেন। এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে রামপুরহাট থানার পুলিশ বাহিনী। সেখানে এসেছেন এসডিপিও। ঠিক কী কারণে দুর্ঘটনা তার তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গেছে, একটি অটোতে করে চাষের কাজ সেরে বাড়ি ফিরছিলেন নয়জন। সেই সময় রামপুরহাট থেকে সিউড়ির দিকে আসছিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের একটি বাস। তার সঙ্গেই ধাক্কা লাগে অটোর। ঘটনাস্থলে প্রাণ হারান অটোর সকল যাত্রী।
পুলিশ জানিয়েছে, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় অটোচালককে রামপুরহাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, মৃতদের বাড়ি রামপুরহাট ১ নম্বর ব্লকের পারকান্দি গ্রামে। তারা দলবেঁধে ধান পোঁতার কাজ সেরে গ্রামে ফিরছিলেন। ফেরার পথেই দুর্ঘটনাটি ঘটে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














