যুদ্ধ বিরতি লঙ্ঘন করে ইসরাইলের হামলা, নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-১০ ১৫:২৮:৩১
দখলদার ইসরাইল এবং ফিলিস্তিনের একটি গোষ্ঠীর মধ্যে যুদ্ধবিরতির চুক্তি চলাকালেই আবারও ফিলিস্তিনের ভূমিতে হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। এ হামলায় ৪ জনের মৃত্যুর দাবি করেছে ফিলিস্তিন। তবে ইসরাইল বলছে, তাদের হামলায় নিহত হয়েছে ২ জন। খবর সংবাদসংস্থা এএফপির।
মঙ্গলবার (৯ আগস্ট) অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় হতাহতের এ ঘটনা ঘটে।
এ বিষয়ে প্রতিবেদনে এএফপি জানায়, ফিলিস্তিন জানিয়েছে- অন্তত চারজনের মৃত্যু হয়েছে এবং প্রায় ৪০ জন আহত। ইসরাইল এলোপাথারি গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিন। ইসরাইলের দাবি- তাদের লক্ষ্য করে পাথর ছুঁড়ে আক্রমণ করা হয়েছে।
জানা যায়, ইসরাইল ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম উপত্যকায় একটি বাড়ি ঘিরে ফেলে। তারা ওই বাড়িতে তল্লাশি চালানোর জন্য গেলে বাড়ির ভিতরে থাকা ইব্রাহিম আল নাবুলসি আত্মসমর্পণ করতে রাজি হননি। ফলে ইসরাইলের সেনারা গুলি চালিয়ে তাকে হত্যা করে। আল নাবুলসি ফিলিস্তিনের একটি ‘স্বাধীনতাকামী গোষ্ঠীর’ কমান্ডার বলে দাবি ইসরাইলের।
এর আগে, টানা তিন দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর গত রোববার (৭ আগস্ট) গভীর রাতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইল ও ইসলামিক জিহাদ যুদ্ধবিরতির ঘোষণা দেয়। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এর আগেই প্রাণ হারিয়েছেন ৪৪ জন ফিলিস্তিনি।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














