চীনের সঙ্গে বাড়বে প্রতিযোগিতা
সেমিকন্ডাক্টর শিল্পে ২৮০ বিলিয়ন ডলার বিনিয়োগ যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২২-০৮-১০ ১৬:৩১:৪৬
দেশীয় উচ্চ-প্রযুক্তি উৎপাদন শিল্পকে উৎসাহিত করার লক্ষ্যে একটি ২৮০ বিলিয়ন ডলারের দ্বিদলীয় বিলে সাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যা চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতা বাড়িয়ে তুলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশের আইন প্রণেতা, ইউনিয়ন কর্মকর্তা, স্থানীয় রাজনীতিবিদ এবং ব্যবসায়ী নেতাদের উপস্থিতিতে বাইডেন এই আইনটিতে সাক্ষর করেন। দেশীয় সংস্থাগুলি সেমিকনডাক্টর তৈরি করা শুরু করলে আর চীন বা তাইওয়ানের দিকে তাকিয়ে থাকতে হবে না আমেরিকাকে। সেক্ষেত্রে ঠেকানো যাবে গাড়ি, কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল ফোনের মতো সামগ্রীর দাম বৃদ্ধি।
যদিও বিশেষজ্ঞদের দাবি, সেমিকনডাক্টরের বাজার থেকে চীনকে পুরোপুরি মুছে দিতে এই পদক্ষেপ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। লক্ষ্য বিদেশী সাপ্লাই চেইনের উপর মার্কিন নির্ভরতা কমিয়ে আনা। রোজ গার্ডেনের একটি জমকালো অনুষ্ঠানে বাইডেন বলেন, আমেরিকায় চিপ শিল্পের ভবিষ্যত উজ্জ্বল। স্মার্টফোন থেকে কম্পিউটার, অটোমোবাইল পর্যন্ত সমস্ত কিছু এই ক্ষুদ্র ডিভাইসের ওপর নির্ভরশীল। তাই এই বিশেষ আইন আনা হয়েছে, যাতে মার্কিন কম্পিউটার চিপ সেক্টরকে শক্তিশালী করতে ৫২ বিলিয়ন বরাদ্দ করার কথা বলা আছে।
বিলটি তৈরিতে এক বছরেরও বেশি সময় লেগেছে। এক বছর ধরে এই বিল পড়ে থাকলেও মঙ্গলবার তা ধ্বনি ভোটে পাশ হয় মার্কিন কংগ্রেসে। বিলের পক্ষে ভোট দেন ৬৪ সেনেটর । বিপক্ষে পড়ে মাত্র ৩৩ ভোট। নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেজেনটেটিভ’-এ ২৪৩-১৮৭ ব্যবধানে পাশ হয় এই বিল। ‘সেমিকনডাক্টর শিল্পের ভবিষ্যত ঠিকানা হতে চলেছে আমেরিকা।’ বিলে সই করার পর বলেন প্রেডিডেন্ট বাইডেন। ঠিক এর পরই চিপতৈরির জন্য প্রায় ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা করে মার্কিন সংস্থা ‘মাইক্রোন’। তালিকায় আছে কোয়ালকম এবং গ্লোবালফাউন্ড্রিজ -এর মতো কোম্পানিও। প্রশাসনও বারবার এই আইনটিকে ক্রমবর্ধমান চীনের প্রভাব মোকাবেলায় একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে চিত্রিত করেছে এবং নিশ্চিত করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বেইজিংয়ের বিরুদ্ধে একটি প্রতিযোগিতামূলক বাজার বজায় রাখতে পারে, বিশেষ করে সেমিকন্ডাক্টর উৎপাদনে। প্রশাসনিক কর্মকর্তারা এই বিলের জাতীয় সুরক্ষার ওপর জোর দিয়েছেন এবং বাইডেন মঙ্গলবার তার মন্তব্যের সময় উল্লেখ করেছেন যে চীন সরকার এই আইনের বিরুদ্ধে মার্কিন ব্যবসায় লবিং করেছে।
সূত্র : বিজনেস স্ট্যান্ডার্ড
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














