জুলাইয়ে ভারতের বাণিজ্য ঘাটতি ৩০ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-১৬ ০৯:৪০:০৩


চলতি ২০২২ বছরের জুলাই ভারতের রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ১৪ শতাংশ বেড়ে ৩ হাজার ৬২৭ কোটি ডলারে উন্নীত হয়েছে। ওই মাসে দেশটির আমদানি ৪৩ দশমিক ৬১ শতাংশ বেড়ে ৬ হাজার ৬২৭ কোটি ডলারে উন্নীত হয়েছে। এর জের ধরে ভারতের বাণিজ্য ঘাটতি প্রায় তিন গুণ বেড়েছে। এএনআইয়ের প্রতিবেদন অনুসারে, গত বছরের জুলাইয়ে ভারতের বাণিজ্য ঘাটতি ছিল ১ হাজার ৬৩ কোটি ডলার। এ বছর তা আরো বেড়ে দাঁড়ায় ৩ হাজার কোটি ডলারে।

চলতি বছরের জুলাইয়ে ভারতের মোট পণ্যদ্রব্যের রফতানি ছিল ৩ হাজার ৬২৭ কোটি ডলার। গত বছরের একই সময়ের রফতানি ছিল ৩ হাজার ৫৫১ কোটি ডলার। সে হিসাবে এক বছরে রফতানি বেড়েছে ২ দশমিক ১৪ শতাংশ। অন্যদিকে এ বছরের জুলাইয়ে দেশটির পণ্যদ্রব্য আমদানি ছিল ৬ হাজার ৬২৭ কোটি ডলার। গত বছরের একই সময়ে আমদানি ছিল ৪ হাজার ৬১৫ কোটি ডলার। সে হিসাবে এক বছরে ভারতে পণ্যদ্রব্যের আমদানি বেড়েছে ৪৩ দশমিক ৬১ শতাংশ। সম্প্রতি ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এ তথ্য প্রকাশ করেছে। গত বছরের তুলনায় এ বছরের জুলাইয়ে বাণিজ্য ঘাটতি বেড়েছে ১৮২ দশমিক ১ শতাংশ।

এনজে