গ্যাসের দাম ৬০ শতাংশ বাড়বে ইউরোপে
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-১৭ ১৫:২৪:৪৭
আসন্ন শীতে ইউরোপে গ্যাসের দাম ৬০ শতাংশ বাড়তে পারে। এতে অঞ্চলটিতে গ্যাসের দাম ঘনমিটারপ্রতি ৪ হাজার ডলারে দাঁড়াতে পারে। রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত গ্যাস কোম্পানি গ্যাজপ্রম সম্প্রতি এ পূর্বাভাস দেয়। পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে গ্যাজপ্রমের উত্তোলন ও রফতানি হ্রাসের প্রভাবে এমনটা হবে বলে জানায় জ্বালানি জায়ান্টটি।
এ বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরে ইউরোপে গ্যাস সরবরাহ কমেছে শীর্ষ গ্যাস সরবরাহকারী রাশিয়ার। এর পরিপ্রেক্ষিতে গ্যাসের দাম দফায় দফায় বাড়ছে।
গ্যাজপ্রম বলছে, সম্প্রতি ইউরোপের স্পট বাজারে গ্যাসের দাম এক হাজার ঘনমিটারপ্রতি আড়াই হাজার ডলারে দাঁড়িয়েছে। একেবারে রক্ষণশীল পূর্বাভাসেও বলা যায়, আগামী শীতে গ্যাসের এক হাজার ঘনমিটারপ্রতি ৪ হাজার ডলারে দাঁড়াবে।
গত বসন্তে নেদারল্যান্ডসে গ্যাসের প্রতি মেগাওয়াট আওয়ার (এমডব্লিউএইচ) পাইকারি মূল্য ৩৩৫ ইউরোয় দাঁড়ায়। তারপর অবশ্য দাম কমেছে এবং গতকাল ২২৬ ইউরোয় দাঁড়িয়েছে।
ইউরোপে গ্যাস রফতানির একটি রুট বন্ধ করে দিয়েছে কিয়েভ। এছাড়া নর্ড স্ট্রিম ১ পাইপলাইনে করে জার্মানিতে গ্যাস সরবরাহে সক্ষমতার মাত্র ২০ শতাংশ ব্যবহূত হচ্ছে।
গ্যাজপ্রম এক বিবৃতিতে জানায়, ১ জানুয়ারি থেকে ১৫ আগস্টের মধ্যে তাদের গ্যাস রফতানি ৩৬ দশমিক ২ শতাংশ কমে ৭ হাজার ৮৫০ কোটি ঘনমিটারে দাঁড়িয়েছে। এছাড়া গ্যাস উত্তোলন আগের বছরের একই সময়ের চেয়ে ১৩ দশমিক ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৭ হাজার ৪৮০ কোটি ঘনমিটার।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














