আফগানিস্তানে মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২২-০৮-১৮ ০৯:২৩:১৯
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত তিন জন নিহত হয়েছেন। বুধবার (১৭ আগস্ট) মাগরিবের নামাজের সময় বিস্ফোরণে আহত হয়েছেন আরও অনেকে। দেশটির পুলিশ ও হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
ইতালির একটি বেসরকারি সংগঠন ইমার্জেন্সি, যারা রাজধানী কাবুলে একটি হাসপাতাল পরিচালনা করে তারা জানায়, বিস্ফোরণে আহত ২৭ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তিন জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচটি শিশুও রয়েছে।
দেশটির এক নিরাপত্তাবিষয়ক কর্মকর্তা জানিয়েছেন অন্তত ২০ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন বিস্ফোরণে। এপি তাদের খবরে বলছে, অন্তত ১০ জন নিহত হয়েছেন এ হামলায়।
তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ নিশ্চিত করেছেন হতাহতের ঘটনা। তবে কতজন হতাহত হয়েছেন তা তিনি নিশ্চিত করেননি। টুইটারে তিনি লিখেছেন, সাধারণ মানুষ ও মুসল্লিদের হত্যাকারীদের শিগগির শাস্তির মুখোমুখি হতে হবে।
পুলিশ বলছে, বহু হতাহত হয়েছে, তবে কতজন তা নিশ্চিত করেনি।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, কাবুলের উত্তরাঞ্চলে খায়ের খানার সিদ্দিকিয়া নামের একটি মসজিদে এ হামলা হয়। ওই এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, ওই মসজিদের ইমাম মোল্লা আমির মোহাম্মদ কাবুলিও হামলায় নিহত হয়েছেন।
সানবিডি/এমআর






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














