জ্বালানি রফতানিতে ৩৮ শতাংশ আয় বাড়বে রাশিয়ার
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-১৮ ১২:৩৩:২১
গ্যাসের উচ্চমূল্য ও জ্বালানি তেলের রফতানি বৃদ্ধিতে এ খাতে উল্লেখযোগ্যহারে আয় বেড়েছে রাশিয়ার। চলতি বছরে দেশটির আয় হবে ৩৩ হাজার ৭৫০ কোটি ডলারেরও বেশি। আগের বছরের তুলনায় যা ৩৮ শতাংশ বেশি।
দেশটির অর্থ মন্ত্রণালয়ের নথির বরাত দিয়ে এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইউক্রেন আক্রমণের কারণে পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে মন্দা ও মূল্যস্ফীতির কারণে রুশ অর্থনীতি টালমাটাল অবস্থায় রয়েছে। ধারণা করা যায়, জ্বালানি রফতানি থেকে রাজস্বের এই ঊর্ধ্বগতি বজায় থাকলে সেই ঢেউ মোকাবেলা সহজ হবে।
তবে বিশ্লেষকরা বলছে, জ্বালানি খাতের এ আয় নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে অল্পই সাহায্য করবে। বর্ধিত সামরিক ব্যয় ও পেনশন নিয়ে ভুগতে হচ্ছে দেশটিকে। এ ছাড়া জ্বালানি তেল খাত মোটামুটি অক্ষত থাকলেও অন্যান্য খাতে রাশিয়ার অবস্থা বিপর্যয়কর। গাড়ি, প্রযুক্তি ও আর্থিক খাতে দেশটির অবস্থা খুবই খারাপ।
মন্ত্রণালয়ের নথি অনুসারে, আগামী বছরে জ্বালানি রফতানি স্বাচ্ছন্দ্যে ২৫ হাজার ৫৮০ কোটি ডলারে পৌঁছাবে, যা ২০২১ সালের ২৪ হাজার ৪২০ কোটি ডলার থেকে বেশি।
তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি রুশ অর্থ মন্ত্রণালয়।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














