বিচার বিভাগের বিরুদ্ধে মামলা করেছেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-২৩ ১০:৪৪:৫৮


ফ্লোরিডার বাসভবনে এফবিআই কর্মকর্তাদের তল্লাশির ঘটনায় এবার বিচারবিভাগের বিরুদ্ধে মামলা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবেদন জানিয়েছেন, এই তদন্ত কার্যক্রম স্থগিতাদেশের।

স্থানীয় সময় সোমবার (২২ আগস্ট) ফ্লোরিডার ফেডারেল আদালতে ২৭ পৃষ্ঠার এই আবেদন দাখিল করেন ট্রাম্পের আইনজীবী। এতে বলা হয়, এফবিআইয়ের তল্লাশিতে মার-এ-লাগোর বাসভবন থেকে জব্দ করা ১১ সেট নথি পর্যালোচনার জন্য যেনো নিরপেক্ষ কোন আইনজীবী নিয়োগ দেয়া হয়।

এর আগে গত ৮ আগস্ট ফ্লোরিডায় ট্রাম্পের মার-এ-লাগো অবকাশ কেন্দ্রের বাসভবনে অভিযান চালায় এফবিআই। অভিযানের সময় তিনি নিউ ইয়র্কে ট্রাম্প টাওয়ারে ছিলেন।

এবছরের ফেব্রুয়ারিতে এই বাসভবনেই জাতীয় সংগ্রহশালার অভিযানে নথিসহ ১৫টি বাক্স জব্দ করা হয়। পার্লামেন্ট ভবনে হামলার ঘটনায় ট্রাম্পের জড়িত থাকার অভিযোগ আছে। এই বিষয়ে প্রতিনিধি পরিষদের তদন্ত কার্যক্রম চলছে। এছাড়া, পারমাণবিক অস্ত্রের স্পর্শকাতর নথিও তার কাছে আছে বলে ধারণা করা হচ্ছে।

এএ