পাঁচ সপ্তাহের সর্বোচ্চে ডলারের মান
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২২-০৮-২৩ ১৪:২২:৫৬
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের আগ্রাসী মুদ্রানীতির সম্ভাবনার মধ্যে সোমবার ডলারের মান পাঁচ সপ্তাহের সর্বোচ্চে দাঁড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
ডলারের মান যেখানে বেড়েছে সেখানে ইউরোর মান পাঁচ সপ্তাহের সর্বনিম্নে দাঁড়িয়েছে। রুশ জ্বালানি জায়ান্ট গ্যাজপ্রমের ইউরোপে তিনদিন গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণার পর পরই ইউরোর মান কমেছে। এদিকে সুদহার কমানোসহ মুদ্রানীতি শিথিলের বিভিন্ন উদ্বেগের পরিপ্রেক্ষিতে চীনা মুদ্রা ইউয়ানের মান দুই বছরের সর্বনিম্নে নেমে এসেছে।
ইউরোসহ প্রধান ছয় মুদ্রার বিপরীতে ডলারের মূল্যসূচক গতকাল ১০৮ দশমিক ২৬ পয়েন্টে দাঁড়িয়েছে, গত ১৫ জুলাইয়ের ১০৮ দশমিক ২৩ পয়েন্টের পর যা সর্বোচ্চ, গত এক সপ্তাহে ডলারের মান ২ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে, ২০২০ সালের এপ্রিলের পর যা সর্বোচ্চ মান বৃদ্ধি।
রিচমন্ড ফেড প্রেসিডেন্ট থমাস বারকিন বলেন, দ্রুত ও আগ্রাসী সুদহার বৃদ্ধির নীতি বাস্তবায়নে তাড়না অনুভব করছেন কেন্দ্রীয় ব্যাংকসংশ্লিষ্টরা।
মুদ্রাবাজার-সংশ্লিষ্টরা বলছেন, আগামী ২১ সেপ্টেম্বর ফেডের পরবর্তী বৈঠকে ৭৫ বেসিস পয়েন্ট সুদহার বাড়ানো হতে পারে। রয়টার্সের এক জরিপে একদল অর্থনীতিবিদের পূর্বাভাস, মন্দার শঙ্কা সামনে রেখে ৫০ বেসিস পয়েন্ট সুদহার বাড়ানো হতে পারে।
এদিকে গতকাল ফেডের ১০ বছর মেয়াদি বন্ডের ইল্ড বেড়েছে ৩ শতাংশ। গত ২১ জুলাইয়ের পর এই প্রথম বন্ডের ইল্ড বাড়ল।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














