সড়ক দুর্ঘটনায় ফরিদপুরে নিহত ২, আহত ৫০
প্রকাশ: ২০১৬-০৩-১৫ ১৯:২৩:০৯
ফরিদপুরে ভাঙ্গা ও মধুখালীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। মঙ্গলবার পৌনে তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
ভাংগা হাইওয়ে থানার ওসি হোসেন সরকার জানান, মঙ্গলবার পৌনে তিনটার দিকে মাওয়াঘাট থেকে ছেড়ে আসা বরিশালগামী যাত্রীবাহী একটি বাস ঘটনাস্থলে অপরদিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। মোটরসাইকেলসহ দুই আরোহী বাসের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়।
পরে খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। নিহত একজনের কাছে একটি ক্যামেরা পাওয়া যায়। পুলিশের ধারণা তারা সাংবাদিক হতে পারেন। তবে নিহতদের এখনো কোনো পরিচয় (বিকাল সাড়ে ৫টা) জানতে পারেনি পুলিশ।
অপরদিকে ঢাকা-খুলনা মহাসড়কের জেলার মধুখালীতে দুটি লোকাল যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অর্ধশতাধিক বাসযাত্রী আহত হন।
পুলিশ জানায়, মঙ্গলবার সাড়ে ৩ টায় ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার ছকড়িকান্দী নামক স্থানে লোকাল যাত্রীবাহী বিপরীত মুখি দুটি বাসের সংঘর্ষ হয়। ফরিদপুর গামী মানিক চন্দন এন্টার প্রাইজ (ফরিদপুর- ব ০০৯৩) এবং মাগুড়াগামী প্রিয়াংকা (ফরিদপুর-ব ১১-০০৫৮) সংঘর্ষে প্রায় অর্ধশতাধিক যাত্রী আহত হন।
আহতরা ফরিদপুর মেডিকেল কলেজ ও মধুখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী ও মধুখালী উপজেলা নির্বাহী লুৎফর নাহার।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













