দুর্ঘটনার কবলে সেনাবাহিনীর প্রশিক্ষণ বিমান
আপডেট: ২০১৬-০৩-১৫ ২০:২৮:১১
রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণের সময় সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে সেসনা-১৫২ মডেলের প্রশিক্ষণ বিমানটি এ দুর্ঘটনায় পড়ে।
বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত বিমানটির প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও এয়ারক্রাফট অক্ষত রয়েছেন। রানওয়ে থেকে ছিটকে পড়েলেও অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে সবাই।
নগরীর শাহ্মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. গোলাম মোস্তফা জানান, সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে সেসনা-১৫২ মডেলের প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন শেষে ল্যান্ড করছিল।
ল্যান্ডিংয়ের পর ইউটার্ন নিতে গিয়ে রানওয়ে থেকে সরে মাটিতে নেমে যায়। পরে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত সেখানে গিয়ে বিমানটি উদ্ধার করে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দুর্ঘটনা কবলিত প্রশিক্ষণ বিমানটি গ্যালাক্সি ফ্লাইং অ্যাকাডেমির ছিল। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে অ্যাকাডেমির কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
জানা গেছে, ২০১০ সাল থেকে গ্যালাক্সি ফ্লাইং অ্যাকাডেমি রাজশাহীর শাহ্মখদুম বিমানবন্দরে বৈমানিক প্রশিক্ষণ পরিচালনা করে আসছে। এর আগে ২০১৫ সালের ১ এপ্রিল দুপুরে ওই বিমানবন্দরে বাংলাদেশ ফ্লাইং অ্যাকাডেমির একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।
এতে নারী প্রশিক্ষণার্থী পাইলট তামান্না রহমান হৃদি ঘটনাস্থলেই মারা যান। গুরুতর দগ্ধ হন প্রশিক্ষক ক্যাপ্টেন শাহেদ কামাল। পরে তারও মৃত্যু হয়।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













