দুদিন পর কীর্তনখোলা নদীতে ভেসে উঠলো সেই তরুণীর লাশ !
প্রকাশ: ২০১৬-০৩-১৬ ১৮:৪৭:০৬
নিখোঁজ হওয়া সেই তরুণী অবশেষে দু’দিন পর লাশ হয়ে ভেসে উঠলো নদীতে । ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি দল লাশটি উদ্ধার করেছে। এ সময় সেখানে উৎসুক জনতার ভীড় জমে যায়। লাশটি ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের ভাষ্য, এর আগে গত শনিবার বরিশালের কীর্তনখোলা নদীতে ‘অজ্ঞাত কারনে’ ঝাঁপ দেন ঐ তরুনী ।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাশটি দপদপিয়া পুরাতন ফেরিঘাট সংলগ্ন নদীতে ভাসতে দেখে স্থানীয়রা। বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল করিম সময়ের কণ্ঠস্বরকে জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কিন্তু তরুণীর নাম পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখায়াত হোসেন জানান,গত শনিবার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতু থেকে নদীতে ঝাঁপ দেন ২০ বছর বয়সী ওই তরুণী। এ সময় সেতুর অদূর থেকে মনির নামে যুবক বিষয়টি দেখে পুলিশে খবর দেন। ওই তরুণীর সন্ধানে নদীতে নামে বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল। তবে এক দিন তল্লাশি চালিয়ে ব্যর্থ হয় তারা।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













