রংপুরে দুই বাসের সংঘর্ষ, নিহত বেড়ে ৯
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৯-০৫ ১২:৪২:১১
রংপুরে ২ যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৯ জন হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক।
আজ রোববার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জে খারুভাজ সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে পাঁচজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজন মারা গেছেন।
রমেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. ফরহাদুজ্জামান জানান, রাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় দুজন ও ভোরে একজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে স্থানীয়রা জানায়, রাতে প্রচণ্ড বৃষ্টি হয় ওই এলাকায়। রাত সোয়া ১২টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী জোয়ানা পরিবহনের সঙ্গে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইসলাম পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ জানান, ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। আহতদের মধ্যে অন্তত ৫০ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













