প্রক্সিতে জাবির মেধাতালিকায় স্থান, মৌখিক পরীক্ষায় আটক
জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-০৯-০৬ ১৮:৩৮:৫৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষায় প্রক্সির মাধ্যমে মেধাতালিকায় স্থান পেয়ে মৌখিক পরীক্ষা দিতে এসে মিনহাজুল আবেদীন আল-আমিন নামের এক পরীক্ষার্থী আটক হয়েছেন। প্রক্সি পরীক্ষায় দশম স্থান অধিকার করায় তিনি আইন ও বিচার বিভাগে চান্স পান।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) মৌখিক পরীক্ষার সময় লেখা ও সই মিল না পাওয়ায় তাকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় তাকে হস্তান্তর করা হয়।
নিরাপত্তা শাখার প্রধান সুদীপ্ত শাহিন বলেন, ‘তার হাতের লেখায় মিল না থাকায় আইন অনুষদের সভাপতি তাকে আটক করেন এবং নিরাপত্তা শাখায় হস্তান্তর করেন। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্বীকার করলেও পরবর্তী সময়ে অন্যের মাধ্যমে পরীক্ষা দেওয়ার বিষয়টি স্বীকার করেন। তাকে নিয়মিত মামলায় আশুলিয়া থানায় পাঠানো হবে।’
প্রক্সির বিষয়টি স্বীকার করে মিনহাজুল আবেদীন বলেন, ‘ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের ছাত্র শাহিনুর নামের আমার এক মামা প্রক্সির মাধ্যমে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেন। এর বিনিময়ে তিন লাখ টাকা দেওয়া হয়। তবে পরীক্ষা কে দিয়েছে সেটা জানি না। বারবার হাতের লেখা চর্চার পর ভাইভায় অংশ নিয়েছিলাম।’
তিনি আরও জানান, আল হেরা একাডেমি থেকে এসএসসি এবং ময়মনসিংহ সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি। মানবিক বিভাগ থেকে উভয় পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হন।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













