‘ছাত্রলীগের কেউ সিগারেট খেয়েছে দেখাতে পারলে পদত্যাগ করবো’

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৯-০৬ ২১:৪৫:১৯


বাংলাদেশে ছাত্রলীগের কোনো বদনাম নেই উল্লেখ করে নারায়য়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু বলেছেন, ছাত্রলীগের একটি ছেলে কখনো সিগারেট খেয়েছে, সেই ইতিহাস কেউ দেখাতে পারলে নিজ অবস্থান থেকে পদত্যাগ করে রাজনীতি ছেড়ে বিদায় নেবো।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলাধীন শহীদ মঞ্জুর স্টেডিয়ামে উপজেলা ছাত্রলীগ ও সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম বাবু বলেন, বাংলাদেশে ছাত্রলীগের কোনো বদনাম নেই। ছাত্রলীগের ইতিহাস মধুর ইতিহাস। লক্ষ ছাত্র জনতার মাঝে দু-একটি ঘটনা যেটি ঘটেছে, সেটি আসলে গুনায় ধরার মতো না। শত্রুরা সবসময় পরচর্চা করে। পত্রিকায়ও অনেক কিছু আসে। জয়-লেখক চিনেন এবং জানেন এমন ছাত্র লীগের নেতৃবৃন্দ কোনো অপরাধ করতে পারে না। এখানে আমার আড়াইহাজারের মুরব্বিরা আছেন। আমার ছাত্রলীগের কোনো ছেলে কখনও স্মোক করেছে, সিগারেট হাতে নিয়েছে এই ইতিহাস কেউ দেখাতে পারলে আমি আমার জায়গা থেকে পদত্যাগ করে রাজনীতি থেকে বিদায় নেব।

তিনি বলেন, আজ ছাত্রলীগের সম্মেলন। ঝড়-বৃষ্টি আমাদের ঘরে রাখতে পারেনি। ছাত্রলীগ থেকে উঠে আসা নেতাদের অনেক ইতিহাস রয়েছে। তাদের মধ্যে একজন আমাদের আব্দুর রহমান, যিনি আজ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। আমরা যারা ছাত্রলীগ করি তাকে আমরা অনুসরণ করি। যে ছাত্রলীগ আমাকে মানুষ করেছে, স্লোগান শিখিয়েছে তাদের গুরুত্বপূর্ণ নেতৃত্ব এখানে আছেন।

এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ স্থানীয় জেলা ও থানা ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এম জি