সিরিয়ায় ভবন ধসে নারী-শিশুসহ ১১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৯-০৮ ১৫:০১:২৬


সিরিয়ায় ৫ তলা একটি ভবন ধসে নারী-শিশুসহ ১১ জন নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে।

বুধবার (৭ সেপ্টেম্বর) দেশটির উত্তরাঞ্চলের আলেপ্পোতে ভবন ধসের এ ঘটনা ঘটে।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সানা’ বলছে, দুর্ঘটনাস্থল থেকে সাত নারী, তিন শিশু ও এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ধ্বংসস্তুপের নীচ থেকে উদ্ধার করা এক নারী ও শিশুকে হাসপাতালে পাঠানো হয়েছে।

পাঁচতলা ভবনটি বুধবার ধসে পড়ে। ইঞ্জিনিয়ারিং ত্রুটির কারণে এটি ধসে পড়ে বলে মনে করা হচ্ছে।

পুলিশ কমান্ডার মেজর জেনারেল দিব জানান, বেসামরিক প্রতিরক্ষা ও স্থানীয় কর্তৃপক্ষসমূহ পাশের ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে এবং ধ্বংসস্তুপ সরানোর কাজও শুরু করেছে।

উল্লেখ্য, সিরিয়ায় ২০১১ সালে সংঘাত শুরু হলে এ পর্যন্ত পাঁচ লাখ লোক নিহত এবং যুদ্ধ পূর্ব সময়ের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে।

সূত্র: সিএনএন