পাবনায় আ.লীগ নেতাকে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৯-০৯ ১৬:৪৭:৪৭


পাবনায় সাইদুর প্রমাণিক (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি পৌর শাখা আওয়ামী লীগের সদস্য ছিলেন বলে জানা গেছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, জুমার নামাজের ঠিক কয়েক মিনিট আগে নজুর মোড়ের একটি চায়ের দোকানে কয়েকজনকে সঙ্গে নিয়ে বসেছিলেন সাইদুর। এসময় কয়েকজন দুর্বৃত্ত সাইদুরকে ঘিরে ধরে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই সাইদুর মারা যান। পরে দুর্বৃত্তরা ঘটনা স্থল থেকে পালিয়ে যায়।

নিহত সাইদুর প্রামাণিক হেমায়েতপুরের চর প্রতাপপুর কাবলিপাড়া গ্রামের মৃত হারান মালিথার ছেলে। তিনি পাবনা পৌর শাখা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ছিলেন বলে নিশ্চিত করেছেন পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট তসলিম হাসান সুমন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘ঘটনার সময় সবাই মসজিদে নামাজ পড়ায় ব্যস্ত ছিলেন। এই ফাঁকে কে বা কারা ছায়দার রহমানকে গুলি করে পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে নিহতের লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।’

এম জি