দশ দফা দাবি পূরণে জবি শিক্ষার্থীদের আল্টিমেটাম
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আপডেট: ২০২২-০৯-১১ ১৬:০৩:০১
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত বাস্তবায়ন ও ক্যাম্পাসের কাজে নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে উপজেলা চেয়ারম্যান শাহিনের গ্রেফতারসহ দশ দফা দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি) শিক্ষার্থীরা। তাদের দাবি বাস্তবায়নের জন্য ৪৮ ঘন্টা সময় বেধে দিয়েছেন তারা।
রোববার (১১ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ও সেচ্ছাসেবী সংগঠন সমূহের ব্যানারে প্লেকার্ড হাতে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন জবির সাধারণ শিক্ষার্থীরা।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইভান তাহসীব বলেন, মাফিয়াতন্ত্রের কারণে বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ আটকে আছে। আন্দোলন ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো অর্জন আজ পর্যন্ত হয়নি। আমাদের দাবিগুলো যদি বাস্তবায়ন করা না হয় তবে আমরা আরো তীব্র আন্দোলনে নামবো।
বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সভাপতি সাইদুল ইসলাম সাইদ বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীরা কোন কুচক্রী মহলকে ভয় পাই না। আমরা ডানে বামে দেখতে চাই না, ক্যাম্পাসের কাজ দেখতে চাই।
মানববন্ধনে নাট্যকলা বিভাগের শিক্ষার্থী সুমাইয়া সুমা বলেন, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অতি দ্রুত শেষ করতে হবে। আমাদের দশ দফা দাবি না মানলে আমরা রাস্তায় নামবো। আমরা সুকান্তের ঝলসানো রুটির মতো থাকতে চাই না।নির্দিষ্ট সময়ে আমাদের দাবি না মানা হলে কঠোর আন্দোলন হবে।
অন্যান্য শিক্ষার্থীরা বলেন, নতুন ক্যম্পাসের কার্যক্রম খুবই কম। সাংবাদিকরা সেখানে গেলে সাংবাদিকদের হেনস্তা করা হচ্ছে, মোবাইল কেড়ে নেওয়া হচ্ছে৷সেই ক্যাম্পাস হয়েছে অপরাধী চক্রের অভয়ারণ্য। লজ্জার বিষয় আজ দ্বিতীয় ক্যাম্পাসের কাজ বন্ধ রয়েছে। এত বড় কাজের মাত্র একজন কেন টেন্ডার জমা দিবে? প্রতিটা টেন্ডারের সুষ্ঠু তদন্ত করতে হবে।
মানববন্ধন শেষে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের ভেতর থেকে শুরু হয়ে ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসের শান্ত চত্বরে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সকল শিক্ষার্থীর পক্ষে উদ্ভিদবিজ্ঞানের শিক্ষার্থী মোঃ রাকিব বলেন, আমরা ৪৮ ঘন্টা সময দিচ্ছি। এরইমধ্যে আমাদের ১০ দফা মেনে নিতে হবে। যদি এরই মধ্যে কোন কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আমরা এই পুরান ঢাকা অচল করে দিব। সুতারাং আমরা আগামী বুধবার পর্যন্ত অপেক্ষা করবো।
উল্লেখ্য, দশ দফা দাবিগুলো হলো, ১. জগন্নাথ বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাসের কাজ প্রধানমন্ত্রীর অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতাভুক্ত করা। ২. প্রয়োজনে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরবর্তী নির্মাণ কাজ শেষ করা। ৩. ক্যাম্পাসের কাজে নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে উপজেলা চেয়ারম্যান শাহিনের গ্রেফতার করতে হবে। ৪. দ্বিতীয় ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও অবিলম্বে পুলিশের থানা বাস্তবায়ন। ৫. শিক্ষার্থীদের আবাসিক হলগুলো আগে সম্পন্ন করতে হবে। ৬. লেক নির্মাণের টেন্ডারে যদি কোনো অনিয়ম হয়ে থাকে তার সুষ্ঠু তদন্ত করতে হবে। ৭. জরিপের মাধ্যমে পূর্ণাঙ্গ ২০০ একর জমি নিশ্চিত করা। ৮. প্রকল্পে ছাত্র প্রতিনিধি যুক্ত করা বা শিক্ষার্থীদের কাছে প্রকল্পের সকল তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। ৯. দ্রুত পানি ও বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করতে হবে। ১০. বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অনুষ্ঠান নতুন ক্যাম্পাস তথা ২য় ক্যাম্পাসে করার ব্যবস্থা করতে হবে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













