সাপের কামড়ে গৃহবধূ-শাশুড়ির মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৯-১৩ ১৬:৫৯:১৩
কুষ্টিয়ার খোকসায় সাপের কামড়ে নববধূ ও শাশুড়ির মৃত্যু হয়েছে। রাতে ঘুমের মধ্যে সাপে কামড় দিলে ওঝা ও হাসপাতাল ঘুরে ঘুরে চিকিৎসা নিয়ে সকালে তাদের মৃত্যু হয়।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) থানার জয়ন্তী হাজরা ইউনিয়নের মামুদানিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত নববধূর নাম কামরুন্নাহার (১৭) আর শাশুড়ির নাম জয়নব বেগম (৪৮)।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাকিব খান টিপু জানান, সোমবার রাতে গ্রামের আব্দুস ছাত্তারের পরিবারের লোকেরা রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। রাত ২টার পর নববধূ কামরুন্নাহার তার স্বামী হাবিবুল বাহারকে জানান তার মাজায় কিসে যেনো কামড় দিয়েছে। এই সময় পাশের ঘর থেকে তার শাশুড়ি জয়নব বেগমও স্বামী আব্দুস ছাত্তারকে জানান তার হাতে কিসে যেনো কামড় দিয়েছে। রাতেই শুরু হয় গ্রামের ওঝাদের চিকিৎসা। এক পর্যায়ে সকাল সাড়ে ৬টার দিকে তাদেরকে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসার একপর্যায়ে পরিস্থিতির উন্নতি না হওয়ায় তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে সকাল ৯টার দিকে প্রথমে নববধূ ও পরে শাশুড়ি মারা যান।
হাসপাতালের চিকিৎসক সুতোপা রায় জানান, দু’জন হাসপাতালে আসার আগেই মারা গেছেন। সাপে কেটেছে কিনা সেটা নিশ্চিত করার কোনো পরীক্ষা নেই। তবে ধারণা করা হচ্ছে তাদেরকে সাপে কামড় দিয়েছিল।
খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল বলেন, রোগীদের মুমূর্ষু অবস্থায় ভোরে হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয় তাদের সাপে কেটেছে। তবে বিষয়টি নিশ্চিত করা ও উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













