মাদরাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৯-১৩ ১৯:৩৬:২৬


নওগাঁর ধামইরহাটে সিয়াম হোসেন (১১) নামে এক মাদরাসাছাত্রের গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার আড়ানগর ইউনিয়নের অন্তর্গত কাজীপুর সরদারপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিয়াম একই এলাকার মো. আলমগীর কবিরের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান মো. মোসাদ্দেকুর রহমান জানান, ঘটনার দিন সকালের খাবার খেয়ে বাড়ি থেকে মাদরাসা যাওয়ার কথা বলে বের হয়। পরে ওই মাদরাসার পেছনের একটি আম বাগানের সঙ্গে গলায় ফাঁস লাগানো মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা থানা পুলিশে খবর দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে মায়ের ওপরে অভিমান করে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক কাজী জানান, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।