পাবনায় আ.লীগ নেতা হত্যা মামলায় গ্রেফতার ৬
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৯-১৩ ২০:৩৮:৫৯
পাবনার সদর উপজেলার হেমায়েতপুরে প্রতিপক্ষের গুলিতে আওয়ামী লীগ নেতা ছায়দার মালিথা হত্যাকাণ্ডে জড়িত ৬ জনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। তবে মামলার প্রধান আসামি পাবনা সদর উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি ও হেমায়েতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন মালিথা এখনও গ্রেফতার হননি।
গ্রেফতাররা হলেন- আনোয়ার আহমেদ স্বপন, আশিক মালিথা, রিপন খান, নুরুজ্জামান রাকিব, ইয়াসিন আরাফাত ইস্তি ও আলিফ মালিথা।
মঙ্গলবার দুপুরে পাবনার পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সী।
পুলিশ সুপার বলেন, গত ৯ সেপ্টেম্বর দুপুরে সদর উপজেলার চরবাঙ্গাবাড়িয়া বাঁধের রাস্তার মোড়ে চায়ের দোকানে প্রকাশ্যে পৌর আওয়ামী লীগ সদস্য ছায়দার মালিথাকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযানে নামে পুলিশ। তথ্য প্রযুক্তির সাহায্যে ঢাকা, কক্সবাজার, সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিলিং মিশনে অংশ নেওয়া ছয়জনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশি পিস্তল, গুলি, মোটরসাইকেলসহ বিভিন্ন আলামত।
মূল পরিকল্পনাকারীকে শনাক্ত করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, তাকেও খুব শিগগির গ্রেপ্তার করা হবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন ঘটনায় মোট ২৩টি মামলা রয়েছে।
প্রেপ্তারের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন, ইউপি নির্বাচনে পরাজয় ও জমি নিয়ে হেমায়েতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন মালিথার সঙ্গে তার চাচাতো ভাই ছায়দার মালিথার বিরোধ চলছিল। এলাকায় প্রভাব ও আধিপত্য বিস্তারে এগিয়ে যাচ্ছিল ছায়দার। এজন্য তাকে পথ থেকে সরিয়ে দিতে এ হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়। পরে গ্রেপ্তারদের আদালতে হাজির করে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে বলে জানায় পুলিশ।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













