আজারবাইজান-আর্মেনিয়ার তীব্র সংঘাত, নিহত ১০০

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৯-১৪ ০৯:৪৯:৪৮


নাগোর্নো-কারাবাখের অঞ্চলে আর্মেনিয়া ও আজারবাইজানের তীব্র সংঘাতে উভয়পক্ষের প্রায় ১০০ সেনা নিহত হয়েছেন।

এর আগে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান বলেছেন, সোমবার রাতভর ওই যুদ্ধে তাদের ৪৯ জন সৈন্য নিহত হয়েছেন।

নিহত সেনাদের মধ্যে আজারবাইজানের ৫০ জন বলে উল্লেখ করেছে বিবিসি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, নতুন করে সংঘাতের ঘটনা দুইপক্ষই একে অপরের ঘাড়ে দায় চাপাচ্ছে। দুইপক্ষের দাবি, অন্যজন প্রথমে হামলা চালিয়েছে, পরে তারা জবাব দিয়েছে। এদিকে, আর্মেনিয়া-আজারবাইজানের সীমান্ত সংঘর্ষ থামাতে সফল হওয়ার দাবি করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মস্কোর স্থানীয় সময় সময় সকাল ৯টা থেকে একটি যুদ্ধবিরতি সম্মত হয়েছে উভয়পক্ষ।

আজারবাইজান-আর্মেনিয়া সীমান্তে নতুন করে শুরু হওয়া লড়াইতে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন।ফরাসী প্রেসিডেন্ট বলেছেন, তিনি বিষয়টি নিরাপত্তা পরিষদে তুলবেন।

উল্লেখ্য, আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে বিরোধের কেন্দ্রে আছে বিতর্কিত নাগোর্নো-কারাবাখ অঞ্চল। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্ত অনুযায়ী এটি আজারবাইজানের অংশ, তবে সেখানে থাকে মূলত জাতিগত আর্মেনিয়ানরা।তবে এই সাংস্কৃতিক বিভেদ কেবল রাজনীতিতে সীমাবদ্ধ নেই, এর পাশাপাশি ধর্মীয় বিভেদও দুই দেশের মধ্যে দ্বন্দ্ব তৈরি করছে। আর্মেনিয়া মূলত খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ দেশ, অন্যদিকে আজারবাইজান মূলত মুসলিম।

সূত্র: বিবিসি, আল জাজিরা