কাবুলে আত্মঘাতী হামলায় নিহত ১৯

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৯-৩০ ১৩:৩২:৫১


আফগানিস্তানের রাজধানী কাবুলের এক শিক্ষাকেন্দ্রে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭ জন। দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে।

কাবুল পুলিশে মুখপাত্র খালিদ জর্দান সিএনএনকে বলেন, কাজ নামের শিক্ষাকেন্দ্রে দেশটির স্থানীয় সময় শুক্রবার সকাল ৭ টা ৩০ মিনেটে এই আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। সেই সময় শিক্ষার্থীরা একটি বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা দিচ্ছিলো।

স্থানীয় মিডিয়ায় প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা গেছে, ঘটনাস্থল থেকে হতাহতের দেহ সরিয়ে নেওয়া হচ্ছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র আব্দুল নাফি তাকোর টুইটারে জানান, ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী পৌঁছেছে। হামলার ধরন ও হতাহত সম্পর্কে পরবর্তীতে জানানো হবে।

তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

গত বছরের আগস্টে আফগানিস্তানে ক্ষমতায় বসে তালেবান। এর পর থেকে দেশটির নিরাপত্তা ব্যবস্থা অনেকটা ভঙ্গুর হয়েছে বলে দাবি বিশেষজ্ঞদের। দেশটির বিভিন্ন স্থাপনা ও মসজিদের ওপর হামলা নিয়মিত ঘটনা হয়ে উঠেছে।

সূত্র: সিএনএন