তানোরে নারীসহ চার মাদকসেবীর কারাদণ্ড
প্রকাশ: ২০১৬-০৩-২০ ২২:১৮:১৬
রাজশাহীর তানোরে মাদক ব্যবসা পরিচালনা ও মাদক সেবনের দায়ে এক নারীসহ চার জনকে দুই বছর করে কারাদ-ের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশীদ এ আদেশ দেন। এর আগে সকালে স্থানীয় গ্রামবাসী তাদের আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
দ-প্রাপ্তরা হলেন-উপজেলার রায়তন আকচা গ্রামের মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম (৩৮), তার স্ত্রী আঙ্গুরা বেগম (২৫), একই গ্রামের মাদকসেবী রায়হান সরদার (২৫) ও পার্শ্ববর্তী মোহনপুর উপজেলার পিয়ারপুর গ্রামের বাসিন্দা রেজাউল করিম (২৭)। তাদের প্রত্যেককেই দুই বছর করে বিনাশ্রম কারাদ- দেয়া হয়েছে।
পুলিশ ও আদালত সূত্র জানায়, রবিবার সকালে মাদকসেবী রায়হান ও রেজাউল রায়তন একটি অটোরিকশা নিয়ে আকচা গ্রামে মাদক ব্যবসায়ী শফিকুলের বাড়িতে হেরোইন সেবনের জন্য যান। পরে স্থানীয় কিছু যুবক ওই বাড়িতে হানা দিয়ে দুই গ্রাম হেরোইনসহ তাদের হাতেনাতে আটক করেন।
এ সময় ক্ষিপ্ত হয়ে শরিফুল ইসলামের স্ত্রী আঙ্গুরা বেগম আনোয়ার নামে স্থানীয় এক যুবকের হাতে ধারালো হাসুয়া দিয়ে আঘাত করেন। এতে ওই যুবক আহত হন। পরে গ্রামের অন্যান্য লোকজন গিয়ে ওই চারজনকে হাতেনাতে আটক করে গণপিটুনি দেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
এরপর দুপুরে তানোর থানা পুলিশ আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও তানোরের ইউএনও মামুনুর রশীদ তাদের প্রত্যেককে দুই বছর করে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।
এ নিয়ে রায়তন আকচা গ্রাম প্রধান আব্দুল মজিদ সরদার বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের গ্রামের যুবকরা যে কাজটি আজ করে দেখালো তা সত্যিই প্রশংসার দাবিদার। সাজা প্রাপ্তরা এলাকার পরিবেশ নষ্ট করে ফেলেছিল।’
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, গ্রামের এসব সচেতন যুবকের মতো সব মানুষ মাদকের বিরুদ্ধে সোচ্চার হলে এলাকার মাদক নিয়ন্ত্রণ পুলিশের জন্য অনেক সহজ হয়ে যাবে।
সানবিডি/ঢাকা/আহো






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













