রসায়নে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২২-১০-০৫ ১৬:১৮:৪০
এ বছর রসায়নে নোবেল পুরস্কার জিতেছেন তিন বিজ্ঞানী। তারা হলেন মার্কিন বিজ্ঞানী ক্যারোলিন আর বার্তোজি, ব্যারি শার্পলেস ও ডেনমার্কের মর্টেন মেলডাল। বুধবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় স্টকহোমে বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।
এই ঘোষণার আগে রসায়নে নোবেলের জন্য মনোনীত ব্যক্তি-প্রতিষ্ঠান বা সংক্ষিপ্ত তালিকা সম্পর্কে কিছু জানানো হয়নি। বরাবরের মতোই সব নথিপত্র অত্যন্ত গোপনীয়তার সঙ্গে রেখে তা জনসাধারণের ধরাছোঁয়ার বাইরে রাখা হয়।
নোবেল কমিটি এক বিবৃতিতে বলেছে, তারা ‘ক্লিক রসায়নকে একটি নতুন মাত্রায় নিয়ে গেছেন এবং জীবন্ত প্রাণীতে এটিকে ব্যবহার করা শুরু করেছেন। কোষের স্বাভাবিক রসায়ন ব্যাহত না করেই জীবের বায়োর্থোগোনাল প্রতিক্রিয়া ঘটে…।’
পুরস্কার বিজয়ীদের সম্পর্কে বলা হয়েছে, ‘শার্পলেস এবং মেলডাল রসায়নের একটি কার্যকরী ফর্মের ভিত্তি স্থাপন করেছে – ক্লিক রসায়ন- যেখানে আণবিক বিল্ডিং ব্লকগুলি দ্রুত এবং দক্ষতার সাথে একত্রিত হয়। বার্টোজি ক্লিক রসায়নকে একটি নতুন মাত্রায় নিয়ে গেছেন এবং জীবন্ত প্রাণীতে এর ব্যবহার শুরু করেছেন।’
ক্যারোলিন আর বার্তোজি যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে, মর্টেন মেলডাল ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ে এবং কে. ব্যারি শার্পলেস যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান স্ক্রিপস রিসার্চে কর্মরত রয়েছেন।
নোবেল পুরস্কারের অর্থমূল্য বাবদ তাদেরকে এক কোটি সুইডিশ ক্রোনার ভাগ করে দেওয়া হবে।
এম জি






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














