অবশেষে ফিরে এলো সেই তিন কিশোর

প্রকাশ: ২০১৬-০৩-২১ ১৯:০৬:৪৬


chuad_106525চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা চেকপোস্ট সীমান্ত দিয়ে বাংলাদেশি তিন কিশোরকে  বিজিবির কাছে ফেরত দিয়েছে বিএসএফ। সোমবার দুপুর দেড়টার দিকে সীমান্তের ৭৬ নং মেইন পিলারের কাছে দুদেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠকে মাধ্যমে তাদের ফেরত দেয়া হয়।

ফেরত পাঠানো তিন বাংলাদেশি হলেন- বরিশাল সদর উপজেলার নবা গ্রামের মুসলিমপাড়ার আব্দুল কুদ্দুস ব্যাপারীর ছেলে আলিম (১৭), দেলোয়ারের ছেলে সানি হাওলাদার (১৩) ও মামুন হোসেনের ছেলে শুভ হাসান (১২)।

চুয়াডাঙ্গা বিজিবি-৬ ব্যাটালিয়ানের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদ জানান, ২০১৪ সালের ৮ নভেম্বর দুপুরে রাজশাহী জেলার খালপুর সীমান্ত দিয়ে ভারতের মুর্শিদাবাদ শেখ পাড়ায় প্রবেশ করে এই তিনজন। তাদের বহরমপুর থানায় সোপর্দ করা হয়। সেখান থেকে তাদের সেফহোমে পাঠানো হয়। দীর্ঘ এক বছর চার মাস ১২ দিন পর আজ দুপুরে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশে পাঠানো হয়।

পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন দর্শনা বিজিবি কোম্পানি কমাণ্ডার রবিউল ইসলাম ইমিগ্রেশন কর্মকর্তা মাহবুব হোসেন ও গেদে বিএসএফ কোম্পানি কমাণ্ডার এসি তারা দত্ত ও ইমিগ্রেশন কর্মকর্তা বি যাদব।

সানবিডি/ঢাকা/আহো